Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    India T20 Champion: অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত! ধোনি-রোহিতের সামনে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বজয় ভারতের

    4 days ago

    আমদাবাদ: অভিশপ্ত শহরেই গৌরবের রাত। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে দুর্ভাগ্যের কাঁটা উপড়ে ফেলল ভারত। নিউজ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-২০ ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তৈরি হল ইতিহাস। টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দেশ পরপর দুবার চ্যাম্পিয়ন হয়নি। ২০২৪ সালের পর ২০২৬ - পরপর দুবার বিশ্বসেরার মুকুট জিতে রেকর্ডবুক নতুন করে লিখল ভারতীয় দল। সব মিলিয়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ শোভা পাবে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে।

    ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে প্রশ্ন করুন, সোনায় মোড়া কেরিয়ারের সবচেয়ে দগদগে ক্ষত কী? একবাক্যে উত্তর আসবে, ২০২৩ সালের ১৯ নভেম্বরের সেই অভিশপ্ত রাত। এই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসাবে মাঠে নেমেও পরাজিত হয়েছিল ভারত। নতমস্তকে রোহিত-কোহলিরা দেখেছিলেন, ভারতের ডেরায় বিশ্বকাপ জিতে প্যাট-কামিন্স-ট্র্যাভিস হেডদের উৎসব।

    লজ্জার সেই রাত ভুলিয়ে গোটা দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সূর্যকুমার যাদবরা। টি-২০ বিশ্বকাপ জিতে। গ্যালারির ভিআইপি বক্সে বসে যে গৌরব তারিয়ে তারিয়ে উপভোগ করলেন টি-২০ বিশ্বকাপজয়ী আগের দুই ভারত অধিনায়ক - ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত।

    রবিবার ফাইনালে টস জিতে ভারতকে প্রথম ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ লুফে নিল ভারত। টি-২০ বিশ্বকাপে ফাইনালের ইতিহাসে রেকর্ড স্কোর তুলল। ৫ উইকেটে ২৫৫ রান। টি-২০ বিশ্বকাপের ফাইনালে কোনও দল এত রান তোলেনি। প্রথম ইনিংসের পরই যেন দেওয়াল লিখন পড়া যাচ্ছিল।

    ফাইনালের আগে জোর চর্রা চলছিল, ছন্দে না থাকা অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে সূর্যকুমাররা নামবেন কি না। যদিও উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত। অভিষেক ও বরুণে আস্থা রাখে। ১৮ বলে হাফসেঞ্চুরি করে প্রতিদান দিলেন বাঁহাতি অভিষেক। পাওয়ার প্লে-র প্রথম ২ ওভারে ভারতের স্কোর ছিল মোটে ১২। পরের চার ওভারে উঠল ৮০! টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লে-তে যুগ্মভাবে সর্বোচ্চ স্কোর। ২০২৪ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় তুলেছিল এক উইকেটে ৯২ রান। ভারত তুলল বিনা উইকেটে ৯২।

    একা অভিষেকে অবশ্য রক্ষা ছিল না। সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ হলেন দোসর। ঘটনা হচ্ছে, স্যামসন ও কিষাণ - দুই তারকাই একটা সময় টি-২০ বিশ্বকাপের নকশায় ছিলেন না। এখন তাঁরাই দলের অন্যতম সেরা অস্ত্র। সুপার এইট থেকে স্বপ্নের ফর্মে সঞ্জু। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করলেন। স্পর্শ করলেন শাহিদ আফ্রিদি ও বিরাট কোহলির কীর্তি। আফ্রিদি ও কোহলি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন। সঞ্জুও সেই কীর্তিতে ভাগ বসালেন।

    চলতি টি-২০ বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন স্যামসন। সেটিও রেকর্ড। কোনও এক বিশ্বকাপে এত ছক্কা কেউ মারেননি। অভিষেক-সঞ্জুর তৈরি মঞ্চে হাফসেঞ্চুরি করলেন ঈশান কিষাণও। ২৫ বলে ৫৪ করেন পকেট ডিনামাইট। শেষ লগ্নে ৮ বলে অপরাজিত ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে।

    রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই সবচেয়ে বড় ধাক্কা খায় নিউজ়িল্যান্ড। সেমিফাইনালে ইডেনে ৩৩ বলে সেঞ্চুরি করা ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন অক্ষর পটেল। রাচিন রবীন্দ্রকে ফেরান বুম বুম বুমরা। তারপরই গ্লেন ফিলিপ্সকে ফিরিয়ে জোরাল ধাক্কা দেন অক্ষর। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট হারিয়ে সেই যে কোণঠাসা হয়ে পড়ে নিউজ়িল্যান্ড, গোটা ম্যাচে আর সেখান থেকে বেরতে পারেনি।

    অক্ষর ও বুমরা, দুজনই গুজরাতের ক্রিকেটার। আমদাবাদের এই মাঠ চেনেন হাতের তালুর মতো। বল হাতে বুমরা নিলেন চার উইকেট। অক্ষর তুলে নিলেন তিনটি। কিউয়ি শিবিরকে দুঃস্বপ্নের রাত উপহার দিলেন দুই ভারতীয় বোলার। ২৫৬ তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড গুটিয়ে গেল ১৫৯ রানে।

    নিউজ়িল্যান্ডের একটা করে উইকেট পড়ল, স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেমে কখনও বাজতে থাকল 'চক দে ইন্ডিয়া', কখনও 'লেহরা দো'। সঙ্গে এ আর রহমানের বিখ্যাত 'বন্দেমাতরম'। যে গান ভারতীয় দলের থিম সং হয়ে গিয়েছে কার্যত। গলা মেলালেন স্টেডিয়ামে হাজির ১ লক্ষ ২০ হাজার মানুষ।

    আমদাবাদের রাতের আকাশে আতসবাজির রোশনাই। গোটা দেশে জয়োল্লাস। অকাল দীপাবলি পালনে রাস্তায় নেমে এসেছে গোটা দেশ।

    সন্দীপ সরকার, এবিপি লাইভ

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: কিউয়ি-বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা মোদির 
    Next Article
    IND vs NZ Final: ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment