Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    অবিশ্বাস্য গুরবাজেও হল না শেষরক্ষা, জোড়া সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হেরে ‘অপূর্ণ’ আফগান রূপকথা

    17 hours ago

    নাটকের পর নাটক! টি-টোয়েন্টি বিশ্বকাপে ডবল সুপার ওভারে ম্যাচ পকেটে পুরে নিল দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে হতাশাই সঙ্গী আফগানিস্তানের।

    নাটকের পর নাটক। আফগানদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতলে পরের রাউন্ড কার্যত নিশ্চিত। সেখানে শেষ ওভারে চাপের মুখে ভুল করল দুই দলই। একসময় রহমানুল্লা গুরবাজের ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ জয়ের কাছে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। আবার দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরাল তাঁদের বিখ্যাত ফিল্ডিং। কিন্তু শেষ ওভারে রইল বিরাট নাটক। নো বল আর রান আউটের নাটকে ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানেও নাটক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফের সুপার ওভারে পাঠালেন দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস। দ্বিতীয় দফার সুপার ওভারে ২৪ রান তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ টানা তিনটি ছক্কা মেরেও আফগানদের জেতাতে পারেননি। 

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ভালোই হয়েছিল আফগানিস্তানের। ফজলহক ফারুকির বলে ফেরেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু সেখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন কুইন্টন ডি’কক ও রায়ান রিকেলটন। শুরুর ধাক্কায় রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বরং দুই প্রোটিয়া ব্যাটারের দাপটে চাপে পড়ে যান আফগান বোলাররা। নূর আহমেদের এক ওভারে ২৩ রান নেন রিকেলটন। মাত্র ২৮ বলে ৬১ রান করে আউট হন রিকেলটন। অন্যদিকে ডি’কক ৪১ বলে করেন ৫৯ রান। মাঝে রানের গতি কিছুটা কমলেও জানসেন-মিলার জুটিতে শেষ দু’ওভারে ওঠে ২৮ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১৮৭ রানে।

    জবাবে একা কুম্ভ হয়ে লড়ে গেলেন। একদিকে নিয়মিত উইকেট পতন, অন্যদিকে গুরবাজের ব্যাটে রানের ফুলঝুরি। গুলবাদিন নাইব থেকে মহম্মদ নবি, কেউই রান পাননি। বরং গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলের বিপদ আরও বাড়ালেন। লুঙ্গি এনগিডির স্লোয়ারের দিশাই খুঁজে পাচ্ছিলেন না আফগান ব্যাটাররা। সেখানে ৪টা চার ও ৭টা ছক্কায় ৪২ বলে ৮৪ রান করেন গুরবাজ। মনে হচ্ছিল, একাই ম্যাচ বের করে নিয়ে যাবেন প্রাক্তন নাইট। কিন্তু প্রোটিয়াদের ম্যাচে ফেরাল তাঁদের বিখ্যাত ফিল্ডিং।

    কেশব মহারাজের বলটা গুরবাজ মারতে গিয়েছিলেন কভারের উপর দিয়ে। কিন্তু ব্যাটের কোণায় লেগে চলে গেল শর্ট থার্ড ম্যানে। সেখানে অপেক্ষা করে ছিলেন জর্জ লিন্ডে। বাজপাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করেন তিনি। তবু গুরবাজের লড়াইটা জারি রেখেছিলেন আজমাতুল্লা ওমরজাই ও রশিদ খান। কিন্তু ওমারজাইকেও ফিরতে বাধ্য করল প্রোটিয়াদের অবিশ্বাস্য ফিল্ডিং। ত্রিস্তান স্টাবস বাউন্ডারি লাইনে বল ধরে মাঠের বাইরে চলে গিয়েও অবিশ্বাস্য ক্যাচ ধরেন। তার একটু পরে আউট রশিদ খানও।

    শেষ ওভারে দরকার ছিল ১১ রান। কাগিসো রাবাডার প্রথম বল নো, দ্বিতীয় বল ওয়াইড। দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন নূর আহমেদ। চতুর্থ বলে আবার নো। সেটাতেও দু’রান। অর্থাৎ শেষ তিন বলে ম্যাচ জিততে দরকার ২ রান। হাতে এক উইকেট। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে গেলেন ফজলহক ফারুকি। একরান নিলেও পরের দু’বলে জেতার সম্ভাবনা থাকত। কিন্তু সেই ভুল করে ম্যাচ গড়াল সুপার ওভারে।

    সুপার ওভারেও দাপট বজায় রাখলেন ওমারজাই। ৫ বলে ১৬ রান তুললেন তিনি। লুঙ্গি এনগিডি গোটা ম্যাচে ভালো বল করলেও সুপার ওভারে দেদার রান দিলেন। তাঁর ওভারে স্কোরবোর্ড দাঁড়াল ৪, ৬, ১, ১, ৪, ১। প্রোটিয়াদের জন্য লক্ষ্য দাঁড়াল ১৮। আফগানদের হয়ে দায়িত্ব পড়েছিল ফজলহক ফারুকির কাঁধে। ডেওয়াল্ড ব্রেভিসের কাছে ছক্কা খেলেও ঠিক কামব্যাক করলেন। এক বলে বাকি সাত রান। ফারুকির লো ফুলটসকে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টাবস। মহম্মদ নবি বাউন্ডারিতে লাফিয়েও বাঁচাতে পারলেন না। ম্যাচ ফের সুপার ওভারে। 

    দ্বিতীয় সুপার ওভারে ঝড় নিয়ে হাজির হলেন স্তাবস। আজমাতুল্লাকে কার্যত বলে বলে বাউন্ডারির বাইরে পাঠালেন। তিনটে বিরাট ছক্কা হাঁকালেন। দক্ষিণ আফ্রিকার ২৩ রানের কোনও উত্তর ছিল না আফগানদের কাছে। মিরাকলের আশায় নেমে শুরুতেই আউট মহম্মদ নবি। 

    Click here to Read More
    Previous Article
    রোহিতের ‘ঘরের মাঠে’ খেলা হবে না বিরাটদের! আইপিএলের আগে বেঁকে বসল মুম্বই ইন্ডিয়ান্স
    Next Article
    অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে যোগ বুমরাহ-ওয়াশিংটনের, নামিবিয়াকে হালকাভাবে নিচ্ছে না ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment